শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর কাছে পাবনা জেলা পুলিশ সুপারের জন্য পাবনাবাসীর খোলা চিঠি

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

তারিখ: ২৭ জুলাই, ২০২৪

বরাবর,
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা।
বিষয়: পাবনা জেলার পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহ্‌র বদলির আদেশ জনস্বার্থে বাতিলপূর্বক তাঁকে পাবনায় বহাল রাখার আকুল আবেদন।

মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমরা পাবনা জেলার সর্বস্তরের সাধারণ নাগরিক, অভিভাবক, সচেতন সমাজ ও তরুণ প্রজন্মের পক্ষ থেকে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

গত ২১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পাবনার জেলা পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহ্‌কে সিআইডিতে বদলি করা হয়েছে। তিনি পাবনায় যোগদানের মাত্র আড়াই মাসের মধ্যে মাদক নির্মূলে যে ঐতিহাসিক, ‘জিরো টলারেন্স’ ও আপসহীন অভিযান শুরু করেছিলেন—তা পাবনার প্রায় ২০০ বছরের পুলিশিং ইতিহাসে বিরল।

এই স্বল্প সময়েই তাঁর দূরদর্শী নেতৃত্বে প্রায় ১,৪০০ জন চিহ্নিত মাদকসেবী ও শীর্ষ কারবারিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে এবং বছরের পর বছর ধরে শিকড় গেড়ে বসা প্রভাবশালী মাদক সিন্ডিকেটগুলো তছনছ হয়ে গেছে। দীর্ঘদিনের উদ্বেগে থাকা হাজারও অভিভাবক তাঁর এই কঠোর পদক্ষেপে তাঁদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শান্তিতে নিশ্বাস ফেলার সুযোগ পেয়েছিলেন।
এ ছাড়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সংলগ্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে চলে আসা শত শত কোটি টাকার অবৈধ বালু ও মাটি উত্তোলন তিনি কঠোর হস্তে বন্ধ করেছেন। অবৈধভাবে বালু তোলা অব্যাহত থাকলে দেশের মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষাও চরম হুমকির মুখে পড়ত—তাঁর সময়োপযোগী পদক্ষেপ সেই বড় ধরনের ঝুঁকি দূর করেছে।

ইতোমধ্যে শুরু হওয়া এই অভাবনীয় ও অসমাপ্ত লড়াইয়ের মাঝপথে, মাত্র আড়াই মাসের মাথায় তাঁকে সরিয়ে দেওয়া হলে মাদক ও বালু সিন্ডিকেটগুলো আবারও মাথাচাড়া দিয়ে উঠবে এবং অর্জিত সাফল্য হাতছাড়া হয়ে যাওয়ার চরম শঙ্কা দেখা দিয়েছে।

অতএব, মহোদয়ের নিকট আকুল প্রার্থনা—
পাবনা জেলাকে শতভাগ মাদকমুক্ত করতে, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা নিশ্চিত করতে, তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং সার্বিক জনস্বার্থ বিবেচনায় এসপি মো. ছুফি উল্লাহ্‌র বদলির আদেশটি অবিলম্বে পুনর্বিবেচনা ও বাতিল করে তাঁকে পাবনা জেলায় বহাল রাখার মর্জি হয়।

বিনীত,
পাবনা জেলার সর্বস্তরের সচেতন নাগরিক ও সাধারণ অভিভাবকবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!