
নিজস্ব প্রতিবেদক: পাবনার সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের আফছার সরদার (৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত দিনমজুর আফছার সরদার ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের কাজি সরদারের ছেলে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ১১ টার দিকে ঘুঘুদহ গ্রামের দিনমজুর আফছার সরদারের আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে হাত পা বাঁধা অবস্থায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাত অবস্থায় দেখতে পায়। এমতাবস্থায় এলাকাবাসী আফসার সরদারকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে । পুলিশ লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরন করে।
নিহতের মেয়ে আমেনা খাতুন জানায়, সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থীর পক্ষে ভোট করায় পূর্ব শত্রুতার জেরে তার বাবা আফসারকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। তিনি বলছিলেন, নির্বাচনের দিন প্রতিপক্ষরা আমার বাবার উপর হামলা চালায়, বাবা আত্মরক্ষার্থে বাড়িতে পালিয়ে আসে। গতরাতে প্রতিপক্ষরা বাবাকে একা পেয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।
নিহত আফছারের মা আবেদা খাতুনের অভিযোগ, তার ছেলে সহজ সরল।সে কাজ ছাড়া কিছু বুঝতো না। ছেলেকে যারা হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল লতিফ মনে করেন, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। এই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন, তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।