শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

পাবনার বেড়ায় ১৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

নাছির হোসাইনঃ পাবনার বেড়া পৌর এলাকার নাজিম বাজারের মোল্লা সুপার মার্কেটে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ মৎস্য আহরণ সামগ্রী উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন এবং বেড়া মডেল থানার একটি দল উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে মার্কেটের একটি গোডাউন থেকে প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৩০০টি চায়না দুয়ার জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান জানান, গোডাউনের মালিকপক্ষের অসহযোগিতার কারণে অভিযান পরিচালনা করতে প্রায় চার ঘণ্টা সময় লাগে। উদ্ধারকৃত অবৈধ জাল ও চায়না দুয়ারী থানায় হস্তান্তর করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মার্কেটের ম্যানেজার মকরম বলেন, যেসব ব্যবসায়ী ওই মার্কেটের কক্ষ ভাড়া নিয়েছেন, তাদের অধিকাংশেরই বেড়া বাজারে মনোহারি, ফিল্টার নেট, সুতা কিংবা মুদি ব্যবসা রয়েছে। তারা ভাড়া নেওয়া কক্ষগুলো গোডাউন হিসেবে ব্যবহার করতেন। সেখানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ার মজুদ রাখা হয়েছিল—এ বিষয়ে তিনি অবগত ছিলেন না। দোকান ভাড়ার সময় লিখিত চুক্তিপত্র (ডিড এগ্রিমেন্ট) করা হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে মার্কেটের মালিকই ভালো বলতে পারবেন।

মার্কেটের মালিকের ছেলে লিটন বলেন, ভাড়াটিয়াদের সঙ্গে তাদের বার্ষিক ভিত্তিতে ভাড়ার হিসাব হয়। তারা সুতা ব্যবসার আড়ালে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারের ব্যবসা পরিচালনা করছিলেন—এ তথ্য তাদের জানা ছিল না।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ার ব্যবহার করে মাছ শিকার জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!